ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে। একই সঙ্গে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে দেশটি।
![]() |
| সংগৃহীত |
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভারতের অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না, সেটিও জানতে চান তিনি।
জবাবে জয়সওয়াল বলেন, বিদেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথিপত্রের বিষয়টি একটি কারিগরি প্রশ্ন। তবে প্রত্যর্পণের বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।
শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরতে চাইলে ভারত কোনো ধরনের আলোচনা বা সমঝোতার মাধ্যমে সহযোগিতা করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ভারতের মুখপাত্র বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তাঁর মতে, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার জন্য হাইকমিশনই উপযুক্ত কর্তৃপক্ষ।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে।
এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বিষয়ে চিঠি পাঠান তাঁর আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠির তথ্য অনুযায়ী, দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তাঁর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া, ভ্রমণসংক্রান্ত নথিপত্র এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক ও আইনি জটিলতার বিষয়টিও সামনে এসেছে।
ভারতের সর্বশেষ বক্তব্যে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপ এবং কূটনৈতিক যোগাযোগ এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সংগৃহীত
