রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর-গোকুলপুর পদ্মা নদীর ঘাটে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নদী ভাঙন রোধে নির্মিত স্পার বাঁধ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে পরিচালিত এই মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে সর্বমোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
![]() |
| ছবি :- সংগৃহীত |
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মিন্টু রহমান এবং গোকুলপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু হুরায়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নির্ধারিত বালু মহালের সীমানা লঙ্ঘন করে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে আসছিল। বিশেষ করে নদী ভাঙন রোধে নির্মিত গুরুত্বপূর্ণ স্পার বাঁধ ও আই-বাঁধের অত্যন্ত কাছ থেকে বালু তোলায় বাঁধটি মারাত্মক হুমকির মুখে পড়ে। এর ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছিল। এলাকাবাসী জানান, এর আগেও তারা অবৈধ বালু তোলার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগ রয়েছে, ইজারার বাইরের স্থান থেকে প্রতিদিন বালু লুট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। নদীর তলদেশে একাধিক মেশিন বসিয়ে বালু তুলে বাঁধের পাশেই বিশাল স্তূপ তৈরি করা হতো এবং সেখান থেকে ট্রাক ও ট্রলিতে করে তা বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত রাখার জোরালো দাবি জানিয়েছেন।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, বালু উত্তোলনের জন্য নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা বা এ ধরনের কার্যক্রমে সহায়তা করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। নদী ও বাঁধ রক্ষায় এলাকার সকল নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।
