ইসরায়েলের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন জোটকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিরোধী পক্ষ। এরই মধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তারা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে এবং রাজনৈতিক প্রভাব ধরে রাখতে নানা উদ্যোগ নিচ্ছেন।
![]() |
| সংগৃহীত |
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনী প্রচারে বিরোধীদের সঙ্গে নেতানিয়াহুর তীব্র বাক্বিতণ্ডা ও ব্যক্তিগত আক্রমণের চিত্র দেখা গেলেও এখন তাঁর বক্তব্যে জাতীয় ঐক্যের আহ্বান গুরুত্ব পাচ্ছে। ইসরায়েলের নতুন নেসেটের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন এবং বিরোধী নেতাদের এ বিষয়ে সতর্ক করেন।
তবে নেতানিয়াহুর বক্তব্যকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। এর প্রতিবাদে গত বুধবার লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিল করেন তিনি।
গত শনিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে সরকার গঠনের দায়িত্ব দেন সাবেক সেনাপ্রধান আইজেনকোটকে। অন্যদিকে নেতানিয়াহু বিরোধী জোটের নেতাদের ‘সময়ের প্রয়োজন’ বিবেচনা করে তাঁর নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
প্রস্তাবিত সরকারে অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর পাশাপাশি ডানপন্থি রাজনীতিক বেজালেল স্মোত্রিচ ও ইতামার বেন-গভিরকে রাখার আগ্রহ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তবে অতি-ধর্মীয় দলগুলোর অন্তত একটির সঙ্গে আইজেনকোটের আলোচনা চলছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর ঐক্যের প্রস্তাবের পেছনে ক্ষমতা ধরে রাখার কৌশলও কাজ করছে। বিরোধী জোটের নির্বাচনী অগ্রগতি এবং নতুন পার্লামেন্টের অধিবেশন সামনে থাকায় তাঁর রাজনৈতিক অবস্থান চাপে পড়েছে।
নতুন নেসেটের প্রথম দিনেই বিরোধীদের উদ্যোগ
ইসরায়েলের ২৬তম নেসেটের উদ্বোধনী কার্যদিবসেই বিরোধী দলগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লক নেতানিয়াহু সরকারের পাস করা বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিল এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার ঘটনা তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের প্রস্তাবসহ একাধিক বিল উত্থাপন করেছে।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংসদের প্রথম দিনেই আইজেনকোটের ইয়াশার পার্টি এবং ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ পার্টি যৌথভাবে এসব উদ্যোগ নেয়। তাদের লক্ষ্য নেতানিয়াহু সরকারের বিতর্কিত কয়েকটি আইন বাতিল করা।
নির্বাচনের ফল, সরকার গঠনের আলোচনা এবং নতুন সংসদে বিরোধীদের তৎপরতা—সব মিলিয়ে ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।
সংগৃহীত
