শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন কি না, আইনজীবীদের মধ্যে মতভেদ

চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে কি না, তা নিয়ে আইনি মহলে মতভেদ দেখা দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেছেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। তবে সুপ্রিম কোর্টের কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী এই বক্তব্যের সঙ্গে একমত নন।

সংগৃহীত

চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে গেছে। তাই এখন মৃত্যুদণ্ড কার্যকরে আইনি বাধা নেই। এমনকি সংবিধানের ১০৪ অনুচ্ছেদে থাকা ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ নিশ্চিত করার বিশেষ ক্ষমতার সুবিধাও শেখ হাসিনা পাবেন না বলে মনে করেন তিনি।

তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেছেন, বাংলাদেশের বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে শুনানি ছাড়াই চূড়ান্ত হওয়ার নজির নেই। তাঁর মতে, নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা সম্ভব না হলেও সুপ্রিম কোর্টের বিধি অনুযায়ী বিলম্বের কারণ দেখিয়ে আপিলের আবেদন করার সুযোগ থাকতে পারে।

মনজিল মোরসেদ আরও বলেন, মৃত্যুদণ্ডের মতো গুরুতর সাজা কার্যকরের আগে আসামির বক্তব্য শোনার সুযোগ থাকা ন্যায়বিচারের মৌলিক নীতির অংশ। তাঁর মতে, এই অধিকার শুধু বাংলাদেশের নয়, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়ার বিভিন্ন দেশের বিচারব্যবস্থাতেও স্বীকৃত।

শেখ হাসিনা ও তাঁর দল শুরু থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। আইন অনুযায়ী, রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ ছিল।

রায়ের পর শেখ হাসিনা বিদেশি একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে তা বাতিলের আবেদন জানিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতে তাঁর অনুপস্থিতিতে বিচার পরিচালনার পদ্ধতি নিয়ে আপত্তি জানানো হয়। এতে আন্তর্জাতিক আইন ও ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছিল।

শেখ হাসিনা গত জুলাইয়ে ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়েও আইনি জটিলতা রয়েছে। সরকার ও চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁকে দেশে ফিরতে হলে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে।

সংবিধানের ১০৪ অনুচ্ছেদে আপিল বিভাগের বিচারাধীন কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ, আদেশ বা রিট জারির ক্ষমতার কথা বলা হয়েছে। মনজিল মোরসেদের মতে, কোনো আইনে নির্দিষ্ট পরিস্থিতির সমাধান না থাকলে ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগ এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর আগে বলেছিলেন, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিদের আপিল গ্রহণের নজির রয়েছে। তিনি আবুল কালাম আজাদের মামলার উদাহরণও দিয়েছিলেন। তবে সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই মামলা আদালতে বিচারাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে চান না।

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে আইনজীবী রাশিদা চৌধুরী নিলুও ভিন্নমত তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন, তবে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে বিবেচনা করা যায় না। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন, বিচারক নিয়োগ এবং সাক্ষ্য-প্রমাণ ও বিচারপ্রক্রিয়ার নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে সরকারের নীতিনির্ধারকেরা ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। ফলে শেখ হাসিনার আপিলের সুযোগ এবং মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আইনি প্রক্রিয়া নিয়ে বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال