ট্রাম্পের প্রশংসা পেতে মার্কিন লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিচ্ছে ভারত!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে প্রকাশিত একটি পোস্ট ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন সরকারি নথির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার’ জানিয়েছে, ওয়াশিংটনে ভারতের প্রভাব বাড়ানো এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার দিচ্ছে ভারত সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা।

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিদেশি প্রতিনিধি নিবন্ধন আইন ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ বা এফএআরএ-এর আওতায় জমা দেওয়া নথিতে এ অর্থ প্রদানের তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ওয়াশিংটনে ভারতের স্বার্থ তুলে ধরা এবং মার্কিন নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ জোরদার করতে ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামের একটি লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্যাপিটল হিল ও হোয়াইট হাউসে ভারতের যোগাযোগ এবং প্রভাব বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি কাজ করছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করে প্রকাশিত একটি পোস্ট তৈরির ক্ষেত্রেও লবিং প্রতিষ্ঠানটির ভূমিকা ছিল। ফলে পোস্টটিকে ট্রাম্পের ব্যক্তিগত উদ্যোগের পরিবর্তে পরিকল্পিত যোগাযোগ কার্যক্রমের অংশ হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠানটি মার্কিন প্রশাসনের নীতিনির্ধারক ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক আয়োজনেও ভূমিকা রাখছে।

যুক্তরাষ্ট্রে বিদেশি সরকারের পক্ষে লবিং করা আইনসম্মত। তবে একজন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে প্রশংসা ও রাজনৈতিক সখ্যতা অর্জনের প্রচেষ্টায় বিপুল সরকারি অর্থ ব্যয়ের তথ্য প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ার

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال