সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো জটিলতা দেখছে না সরকার। প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
![]() |
| সংগৃহীত |
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো অপরাধে অভিযুক্ত নন; তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। এ ধরনের অপরাধের গুরুত্ব সাধারণ অপরাধের তুলনায় ভিন্ন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের সংবিধানেও বিশেষ বিধান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ভারতের সঙ্গে প্রত্যর্পণসংক্রান্ত আলোচনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে আইনি জটিলতার কথা বলা হলেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কোনো বাধা দেখছে না। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক মাধ্যমে তাঁকে ফেরত চেয়ে অনুরোধ জানানো হয়েছে।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ভারতের দিল্লিতে একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাই এ বিষয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে তিনি বলেন, সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ বিচারিক প্রক্রিয়ার নিয়মিত অংশ এবং যথাসময়ে তা সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে চায়। কোনো অস্পষ্ট বা অনিয়মতান্ত্রিক পদ্ধতি নয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্য সরকারের।
সংগৃহীত
