দীর্ঘ প্রায় ৯ বছরের পথচলার ইতি টানছে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। সোমবার (৯ নভেম্বর) নাটকটির শেষ দিনের শুটিং অনুষ্ঠিত হয়। শেষ মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি নেহাল চরিত্রে অভিনয় করা অভিনেতা তৌসিফ মাহবুব। বিশেষ করে নাটকের জনপ্রিয় চরিত্র পাশার ঘরে একা বসে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
![]() |
| সংগৃহীত |
শেষ দিনের শুটিং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কাটার কথা থাকলেও দীর্ঘদিনের সহকর্মীদের বিদায়ের মুহূর্তে পরিবেশ হয়ে ওঠে বিষণ্ন। তৌসিফ জানান, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে করতে পুরো শুটিং টিম একটি পরিবারের মতো হয়ে উঠেছিল।
প্রথম আলোকে তিনি বলেন, পাশার ঘরটি সব সময় তাঁদের সবার প্রিয় জায়গা ছিল। অথচ শেষ দিনের শুটিংয়ে এসে দেখেন, ঘরটি একেবারে ফাঁকা। নেহাল চরিত্রের গল্পও শেষ হয়ে যাচ্ছে। তাঁর কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি নাটক নয়, বরং আবেগের বিশেষ জায়গা।
নাটকের গল্পে বিভিন্ন পরিবর্তন এলেও শুটিংয়ের প্রয়োজনে ঘরগুলোর পরিবেশ একই রাখা হয়েছিল। তৌসিফের সবচেয়ে বেশি স্মৃতি জড়িয়ে রয়েছে মারজুক রাসেল অভিনীত পাশা চরিত্রের ঘরকে ঘিরে। সেখানে বসেই একসময় সবাই মিলে আড্ডা, হাসি-ঠাট্টা ও আনন্দে সময় কাটাতেন।
তৌসিফ বলেন, একসঙ্গে কাজ করার সময় তাঁদের অনেক আনন্দময় মুহূর্ত তৈরি হয়েছে। কিন্তু শুটিং শেষ হওয়ার পর আবার কবে সবাই একসঙ্গে হবেন, তা জানা নেই। প্রিয় সেই ঘরে একা বসে পুরোনো দিনের কথা মনে পড়ায় তাঁর মন খারাপ হয়ে যায়।
শেষ দিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই অভিনেতা আরও বলেন, আর এই হাউসে শুটিং করা হবে না, শুটিংয়ের ফাঁকে বসে গল্প, দুষ্টুমি কিংবা আড্ডা দেওয়া হবে না। সবচেয়ে বড় কথা, আর নেহাল চরিত্রে অভিনয় করা হবে না—এ কথা ভাবতেই তাঁর কষ্ট হচ্ছে। কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
প্রায় নয় বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার পঞ্চম সিজনের মধ্য দিয়েই শেষ হচ্ছে ধারাবাহিকটির যাত্রা। দীর্ঘ এই সময়ে দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৌসিফ। তাঁর ভাষায়, কোটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই নাটকের সঙ্গে।
শেষ দিনের শুটিংয়ের বিষয়টি আগে থেকেই জানতেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই বিদায়বেলার অনুভূতি প্রকাশ করেছেন। নাটকটির পরিচালক অমি লিখেছেন, ‘মাঝে মাঝে কথা হারায় যায়, অনুভূতি প্রকাশ করা যায় না। বিদায়, সিজন ৫।’
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, শামীম হাসান সরকার, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, মুকিত জাকারিয়া, সাবিলা নূর, মনিরা মিঠু, পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিনসহ অনেকে।
সংগৃহীত
