ফ্রান্সের প্রায় ৭০০টি সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থা হ্যাক করে বিপুল পরিমাণ হিমায়িত খাবার নষ্ট করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া এই ঘটনায় দেশটির খাদ্য সংরক্ষণ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফরাসি সরকার ঘটনাটিকে নজিরবিহীন সাইবার হামলা হিসেবে দেখছে।
ফরাসি গোয়েন্দাদের সন্দেহ, এ ঘটনার পেছনে রয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি গোপন সাইবার ইউনিট, যার নাম ‘শহীদ কাভে’। গোয়েন্দাদের ধারণা, ১৯৮৬ সালে ইরান-ইরাক যুদ্ধে নিহত তরুণ সেনা কর্মকর্তা মাহমুদ কাভের নাম অনুসারে এই ইউনিটের নামকরণ করা হয়েছে।
ফরাসি ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এটি সাধারণ কোনো হ্যাকার গোষ্ঠী নয়; বরং ইরান সরকারের নির্দেশনায় পরিচালিত একটি বিশেষ সাইবার যুদ্ধ ইউনিট। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যবস্থায় গোপনে হামলা চালানোই তাদের অন্যতম লক্ষ্য।
ছদ্মবেশে পরিচালিত হয় সাইবার হামলা
গোয়েন্দাদের ভাষ্য অনুযায়ী, নিজেদের পরিচয় আড়াল করতে ইউনিটটি বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে। ‘সাইবার অ্যাভেঞ্জার্স’ ও ‘সাইবার ইসনাদ ফ্রন্ট’-এর মতো গোষ্ঠীর পরিচয়ে হামলার দায় স্বীকার করা হয়, যাতে মূল পরিচালনাকারীদের পরিচয় আড়ালে থাকে।
ফরাসি নিরাপত্তা সংস্থাগুলো এ ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শীর্ষ ব্যক্তিকে শনাক্ত করার দাবি করেছে। তাঁদের মধ্যে হামিদ রেজা লশগারিয়ানও রয়েছেন। তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার ইরানের
ফ্রান্সের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। তেহরানের দাবি, পশ্চিমা দেশগুলো ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে এ ধরনের অভিযোগ তুলছে।
একই সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলেও জানিয়েছে ইরান।
সাইবার নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাইবার হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জটিল প্রযুক্তির ওপর নির্ভর না করেও বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল দুর্বলতাকে কাজে লাগিয়ে বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা রয়েছে দেশটির সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর।
এর আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পানি শোধনাগার, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি সংস্থার কম্পিউটার ব্যবস্থায় হামলার অভিযোগ উঠেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের বিরুদ্ধে।
ফ্রান্সের সাম্প্রতিক ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে, আধুনিক বিশ্বে সংঘাতের ক্ষেত্র শুধু স্থল, আকাশ কিংবা সমুদ্রেই সীমাবদ্ধ নেই। গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলাও এখন আন্তর্জাতিক নিরাপত্তার বড় উদ্বেগ হয়ে উঠেছে।
সূত্র: আল-জাজিরা
সংগৃহীত
