সরকারি জমিতে এআই ডেটা সেন্টার নির্মাণে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের মন্ত্রী, একই খাতে তাঁর কোটি কোটি ডলারের বিনিয়োগ

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম সরকারি জমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে এআই খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর বিপুল বিনিয়োগ থাকায় সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে বলে প্রশ্ন তুলেছেন নৈতিকতা বিশেষজ্ঞরা।

সংগৃহীত

মার্কিন অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্গামের ২০২৬ সালের আর্থিক বিবরণী বিশ্লেষণে দেখা গেছে, তাঁর সহপ্রতিষ্ঠিত বিনিয়োগ প্রতিষ্ঠান আর্থার ভেঞ্চারসের মাধ্যমে এআই কোম্পানিগুলোতে তাঁর বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৮১ লাখ থেকে ৬ কোটি ৪৪ লাখ ডলারের মধ্যে। সরকারি আর্থিক বিবরণীতে নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে বিনিয়োগের একটি পরিসর উল্লেখ করার সুযোগ থাকায় প্রকৃত পরিমাণ নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রায় ২৫ বছর আগে নিজের সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের কাছে বিক্রি করে সম্পদ গড়ে তোলেন বার্গাম। প্রযুক্তি খাতে বিনিয়োগও অব্যাহত রেখেছেন তিনি। প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার আগের বছর উত্তর ডাকোটার গভর্নর থাকাকালে এআই-সংশ্লিষ্ট বিনিয়োগ থেকে তাঁর মূলধনি মুনাফা ছিল ২১ লাখ থেকে ১ কোটি ১০ লাখ ডলারের মধ্যে। ২০২৫ সালে এআই কোম্পানির শেয়ার ও মালিকানাসংশ্লিষ্ট অংশ বিক্রি করে তিনি আরও ২৫ লাখ থেকে ১ কোটি ৫১ লাখ ডলার পর্যন্ত মুনাফা করেন।

সিনেটে অনুমোদনের সময় নৈতিকতা-সংক্রান্ত চুক্তির অংশ হিসেবে বার্গাম আর্থার ভেঞ্চারসে নিজের পদ ছেড়ে দিতে সম্মত হন। তবে প্রতিষ্ঠানটিতে তাঁর আর্থিক স্বার্থ বজায় থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বার্গাম সরকারি নৈতিকতা ও আর্থিক বিবরণীসংক্রান্ত সব বাধ্যবাধকতা পূরণ করেছেন। তাঁর ব্যক্তিগত বিনিয়োগ সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করছে—এমন অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেছে মন্ত্রণালয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বহু কর্মকর্তার সঙ্গে এআই খাতের বড় কোম্পানিগুলোর আর্থিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক নিয়োগ পাওয়া ৩৮০ জন কর্মকর্তা বা তাঁদের জীবনসঙ্গীর এনভিডিয়ায় শেয়ার কিংবা অন্য আর্থিক স্বার্থ রয়েছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সঙ্গে সম্পর্ক রয়েছে ৩২০ জনের বেশি কর্মকর্তার। মেটা প্ল্যাটফর্মসের সঙ্গেও আর্থিক সম্পর্ক রয়েছে ২৪০ জনের বেশি কর্মকর্তার।

আইন বিশেষজ্ঞদের মতে, কোনো সরকারি কর্মকর্তার প্রতিষ্ঠানে বিনিয়োগ থাকা মানেই অপরাধ নয়। তবে নিজের আর্থিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেওয়া হলে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতে পারে। ওয়াশিংটনের সরকারি নৈতিকতা পর্যবেক্ষক সংগঠনের জ্যেষ্ঠ আইন উপদেষ্টা সিনথিয়া ব্রাউন মনে করেন, কোনো সিদ্ধান্তে স্বার্থের সংঘাতের ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকলেও কর্মকর্তাদের সেই কাজ থেকে বিরত থাকা উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নৈতিকতা-বিষয়ক প্রধান আইনজীবী রিচার্ড পেইন্টারও বার্গামের এআই খাতসংশ্লিষ্ট সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে রাখার পক্ষে মত দিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি জমিতে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ বাড়ছে। পানি ও বিদ্যুতের বিপুল চাহিদা, পরিবেশগত প্রভাব এবং অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে বিভিন্ন এলাকায় প্রতিবাদ হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনাধীন অন্তত ৯ কোটি ১৩ লাখ একর সরকারি জমি সম্ভাব্যভাবে ডেটা সেন্টার নির্মাণের উপযোগী হতে পারে।

২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বার্গাম অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যালফাবেটের প্রতিনিধিদের সঙ্গে ২০ বারের বেশি বৈঠক করেছেন বলে তাঁর বৈঠকের সময়সূচি বিশ্লেষণে উঠে এসেছে। এ বিষয়ে কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর গত অক্টোবরে তাঁকে চিঠি দিয়ে সরকারি জমিতে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগে তাঁর ভূমিকা প্রকাশের দাবি জানান।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, ভূমি ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক স্টিভ পিয়ার্স, কৃষি বিভাগের কর্মকর্তা মাইকেল বোরেন এবং পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিনেরও এআই খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ বা আর্থিক স্বার্থ রয়েছে। তাঁদের দপ্তরগুলোও সরকারি জমি ব্যবস্থাপনা, ডেটা সেন্টারের অনুমোদন এবং পরিবেশগত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মুখপাত্ররা জানিয়েছেন, কর্মকর্তারা প্রচলিত আইন ও নৈতিকতা-সংক্রান্ত নিয়ম মেনেই দায়িত্ব পালন করছেন।

সরকারি জমিতে ডেটা সেন্টার নির্মাণের বিনিময়ে সরকার কী পরিমাণ অর্থ পাবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের কাছ থেকে বার্ষিক বাজারমূল্যভিত্তিক ভাড়া নেওয়া হতে পারে। তবে ভাড়ার পরিমাণ তুলনামূলক কম হলে সরকারি জমি ব্যবহারের বিপরীতে জনগণের প্রকৃত আর্থিক সুবিধা কতটা হবে, তা প্রকল্পগুলোর অনুমোদনের পরই স্পষ্ট হবে।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال