ব্যায়াম না করেও ক্রিয়েটিন সাপ্লিমেন্ট গ্রহণে শরীরের চর্বিহীন টিস্যুর পরিমাণ বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত ১২ সপ্তাহের পরীক্ষায় ৪৫ থেকে ৬৫ বছর বয়সী নিষ্ক্রিয় প্রাপ্তবয়স্কদের মধ্যে এমন পরিবর্তন দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্রিয়েটিন গ্রহণ করলেই ব্যায়ামের বিকল্প পাওয়া যায় না।
![]() |
| সংগৃহীত |
জার্নাল অব দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি অব স্পোর্টস নিউট্রিশন’-এ প্রকাশিত গবেষণায় ৬৪ জন সুস্থ প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের একাংশকে প্রতিদিন ১০ গ্রাম ক্রিয়েটিন দেওয়া হয়, যা দুই ভাগে গ্রহণ করতে বলা হয়েছিল। অন্যদের দেওয়া হয় প্লাসিবো বা কার্যকর উপাদানবিহীন বিকল্প। অংশগ্রহণকারীদের একটি দল ব্যায়াম করেন, অন্য দল ব্যায়াম ছাড়াই দৈনন্দিন চলাফেরা চালিয়ে যান।
১২ সপ্তাহ পর দেখা যায়, ব্যায়াম না করা ক্রিয়েটিন গ্রহণকারীদের চর্বিহীন টিস্যুর পরিমাণ গড়ে প্রায় ২ দশমিক ৪ পাউন্ড বেড়েছে। ব্যায়ামের পাশাপাশি ক্রিয়েটিন গ্রহণকারীদের ক্ষেত্রে এই বৃদ্ধি ছিল প্রায় ২ দশমিক ৮ পাউন্ড। অন্যদিকে প্লাসিবো গ্রহণকারী দলগুলোর উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। গবেষণায় ক্রিয়েটিন গ্রহণকারীদের পায়ের প্রেস ও বেঞ্চ প্রেসের শক্তিতেও উন্নতি দেখা গেছে।
তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলক কম ছিল এবং শরীরের গঠন পরিমাপের পরীক্ষায় টিস্যু বৃদ্ধির কতটা নতুন পেশি আর কতটা পেশিতে জমা পানি, তা নির্দিষ্ট করে বোঝা যায়নি। গবেষণায় ক্রিয়েটিন সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রধান গবেষকের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ক্রিয়েটিন শরীরের তৈরি একটি যৌগ, যা পেশিকোষে শক্তি উৎপাদনে সহায়তা করে। স্বল্প সময়ের তীব্র শারীরিক কাজে এটি পেশিকে বাড়তি শক্তি জোগাতে পারে। তবে পেশি গঠন ও শক্তি বাড়ানোর জন্য নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত প্রোটিন গ্রহণের গুরুত্ব আলাদা।
ক্রিয়েটিন গ্রহণে কিছু মানুষের পেটে অস্বস্তি, বমিভাব বা পানির কারণে সাময়িক ওজন বৃদ্ধির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। রক্ত পরীক্ষায় ক্রিয়েটিনিনের মাত্রাও বাড়তে পারে, যা কিডনির কার্যকারিতা মূল্যায়নে ব্যবহৃত হয়। তবে সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রচলিত মাত্রায় ক্রিয়েটিন গ্রহণে কিডনির ক্ষতির নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যাঁদের কিডনির সমস্যা রয়েছে বা কিডনির ওপর প্রভাব ফেলতে পারে এমন ওষুধ গ্রহণ করেন, তাঁদের ক্রিয়েটিন ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সাপ্লিমেন্টের মান যাচাই করাও গুরুত্বপূর্ণ, কারণ বাজারে থাকা সব পণ্যের গুণগত মান এক রকম নয়।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রিয়েটিনকে ব্যায়ামের বিকল্প হিসেবে দেখা ঠিক হবে না। দীর্ঘমেয়াদে পেশির শক্তি ও কার্যক্ষমতা ধরে রাখতে নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন গবেষণার ফল আশাব্যঞ্জক হলেও ক্রিয়েটিন একাই শক্তিশালী পেশি তৈরি করতে পারে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনো পর্যাপ্ত নয়।
সংগৃহীত
