নবজাতকের ভিটামিন কে ইনজেকশন নিতে অনীহা, বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকি

যুক্তরাষ্ট্রে নবজাতকদের জন্মের পর ভিটামিন কে ইনজেকশন নিতে অভিভাবকদের অনীহার কারণে শিশুদের রক্তক্ষরণের ঘটনা বাড়ছে। সম্প্রতি প্রকাশিত দুটি গবেষণায় দেখা গেছে, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ভিটামিন কে ইনজেকশন প্রত্যাখ্যানের হার দ্বিগুণেরও বেশি হয়েছে। একই সময়ে ভিটামিন কে-স্বল্পতাজনিত রক্তক্ষরণের ঘটনা প্রায় চার গুণ বেড়েছে।

সংগৃহীত

গবেষণায় প্রায় ১ কোটি ১০ লাখ শিশুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নবজাতকদের মধ্যে ভিটামিন কে গ্রহণের হার ২০১৭ সালের ৯৭ দশমিক ৭ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৯৫ শতাংশে নেমেছে। অন্য একটি গবেষণায় দেখা যায়, ইনজেকশন নিতে অস্বীকৃতির হার ২০১৭ সালের ৩ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৬ দশমিক ৮ শতাংশ হয়েছে।

গবেষণা অনুযায়ী, জন্মের পর ভিটামিন কে ইনজেকশন না পাওয়া শিশুদের রক্তক্ষরণের ঝুঁকি ৪৭ শতাংশ বেশি। পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকিও দ্বিগুণের বেশি। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাওয়া তথ্যেও এই প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে। ওই সময়ে ইনজেকশন প্রত্যাখ্যানের হার ৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ১ শতাংশ হয়েছে।

ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। জন্মের সময় নবজাতকের শরীরে এর পরিমাণ স্বাভাবিকভাবেই কম থাকে। ফলে পর্যাপ্ত ভিটামিন কে না পেলে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হতে পারে। জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত এ ধরনের রক্তক্ষরণের ঝুঁকি থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে কোনো পূর্বলক্ষণ ছাড়াই তা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জন্মের পর দেওয়া ভিটামিন কে ইনজেকশন কোনো টিকা নয়; এটি একটি পুষ্টি উপাদানের ইনজেকশন। এক ডোজ ইনজেকশন দেরিতে দেখা দেওয়া ভিটামিন কে-স্বল্পতাজনিত রক্তক্ষরণের ঝুঁকি প্রায় ৯৮ শতাংশ কমাতে পারে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস (এএপি) সব নবজাতককে জন্মের পর, আদর্শভাবে প্রথম ছয় ঘণ্টার মধ্যে, ভিটামিন কে ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়ে আসছে।

বিশেষজ্ঞদের মতে, টিকা নিয়ে অনীহা, সরকারি স্বাস্থ্য সংস্থাগুলোর পরস্পরবিরোধী বার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে অভিভাবকদের মধ্যে চিকিৎসাব্যবস্থা নিয়ে অবিশ্বাস বাড়ছে। এর প্রভাব পড়ছে নবজাতকের নিয়মিত স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও।

চিকিৎসকদের পরামর্শ, নবজাতকের সুস্থতা ও গুরুতর রক্তক্ষরণের ঝুঁকি কমাতে জন্মের পর ভিটামিন কে ইনজেকশন দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال