ফাঁকা পেলেই ভারতে ঢুকে পড়বে বাংলাদেশিরা, দাবি শুভেন্দুর

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদী পরিদর্শন করে বাংলাদেশিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সীমান্তের ওপারে বাংলাদেশিরা ভারতে প্রবেশের সুযোগের অপেক্ষায় রয়েছে।
ছবি: আনন্দবাজার পত্রিকা।

রোববার (৮ নভেম্বর) দীপাবলি উপলক্ষে হিঙ্গলগঞ্জের ইছামতি নদীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের স্পিডবোটে ঘুরে বেড়ান শুভেন্দু। পরে ৭৪ বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে তিনি বলেন, বাইনোকুলার দিয়ে দেখে তাঁর মনে হয়েছে, বাংলাদেশিরা সীমান্তে ওঁৎ পেতে রয়েছে। সুযোগ পেলেই তারা ভারতে প্রবেশ করবে।

এ সময় তিনি পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে না দেওয়ার ঘোষণা দেন। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বাংলাদেশে ফেরত পাঠানোর কথাও বলেন তিনি। তাঁর দাবি, সীমান্ত এলাকায় ১৫ কিলোমিটারজুড়ে তল্লাশি অভিযান চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে দীপাবলির দিনটি বিএসএফ সদস্যদের সঙ্গে কাটানোর কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ প্রদান অনুষ্ঠান চালুর ঘোষণা দেন তিনি।

পরে হিঙ্গলগঞ্জ থানার কালীপূজা উদ্বোধন করেন শুভেন্দু। এ সময় স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ ও পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আগের সরকারের আমলে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয়ের ঘাটতি ছিল। তবে বর্তমানে রাজ্য পুলিশের মহাপরিচালকের নেতৃত্বে দুই বাহিনীর মধ্যে ভালো সমন্বয় রয়েছে।
এ ছাড়া ইছামতি নদীর তীরে সীমান্ত বেড়া নির্মাণের বিষয়েও বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বরাতে এসব তথ্য জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال