শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর) উদযাপিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসাহ ও আলোকসজ্জার মধ্য দিয়ে প্রতিবছর এ উৎসব পালন করা হয়। অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের মূল তাৎপর্য।

পঞ্জিকা অনুযায়ী, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। এ তিথি সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা ৫৮ মিনিট পর্যন্ত থাকবে। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্যামাপূজা মূলত শক্তির আরাধনা। দেবী দুর্গার বিশেষ রূপ দেবী কালী ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী ও মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

শ্যামাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ আয়োজন করা হয়েছে। সাধারণত মধ্যরাতে মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর পূজা সম্পন্ন করা হয়।
সংগৃহীত ছবি

শ্যামাপূজার সঙ্গে দীপাবলি উৎসবের রয়েছে গভীর সম্পর্ক। অন্ধকার দূর করে আলোর বার্তা ছড়িয়ে দিতে এদিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িঘর, আঙিনা ও মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন। পাশাপাশি প্রয়াত বাবা-মা, স্বজন ও পূর্বপুরুষদের স্মরণে বিভিন্ন শ্মশানেও প্রদীপ জ্বালানো হয়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এটি দীপাবলি নামে পরিচিত হলেও অবাঙালি হিন্দুদের কাছে উৎসবটি দিওয়ালি হিসেবে পরিচিত।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, রায়েরবাজার মন্দির, সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির এবং পুরান ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে বিশেষ পূজা ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া শাঁখারীবাজার, তাঁতীবাজার ও বাংলাবাজার এলাকায় প্রতিমা, আলোকসজ্জা এবং ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মহাশ্মশানেও বিশেষ আয়োজনে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে।

উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দিচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال