ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়া ছয়টি গ্রাম পুনরায় ওই ইউনিয়নের সঙ্গে যুক্ত করার দাবিতে রেললাইন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সদর উপজেলাকে বিভক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবেরও প্রতিবাদ জানান তারা। এ কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
![]() |
| সংগৃহীত |
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অনেকের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।
রেলপথ অবরোধের ফলে দুই রুটের সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস আশুগঞ্জের তালশহরে, পর্যটক এক্সপ্রেস ভৈরব স্টেশনে এবং মহানগর প্রভাতী দৌলতকান্দি স্টেশনে আটকে যায়। অন্যদিকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস আখাউড়া, উপকূল এক্সপ্রেস কসবা এবং কালনী এক্সপ্রেস আজমপুর স্টেশনে আটকা পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম আলাদা করে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে একই বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা। তবে তাদের দাবি নিয়ে দীর্ঘদিনেও কোনো সমাধান হয়নি। এর মধ্যে সম্প্রতি বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে।
স্থানীয়দের অভিযোগ, নতুন উপজেলা গঠনের প্রস্তাবের পেছনে জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার ভূমিকা রয়েছে। তাদের দাবি, তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ক্ষোভ তৈরি হয়।
ওসি খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।
সংগৃহীত
