বক্স অফিসে ‘রামায়ণ’-এর ঝড়, চার দিনে আয় প্রায় ২৩৯ কোটি রুপি

মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলিউড ও দক্ষিণ ভারতীয় তারকাদের অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম চার দিনেই ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি।

সংগৃহীত

নীতিশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি গত বৃহস্পতিবার মুক্তি পায়। প্রথম দিনেই ছবিটি আয় করে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। তবে শুক্রবার দ্বিতীয় দিনে আয় প্রায় ২৫ শতাংশ কমে ৪৮ কোটি ৫ লাখ রুপিতে নেমে আসে। এরপর শনিবার দীপাবলির উৎসবকে কেন্দ্র করে দর্শক উপস্থিতি বাড়ায় আয়ও বেড়ে দাঁড়ায় ৬৯ কোটি ৮০ লাখ রুপিতে। প্রথম চার দিনের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ আয়।

রোববার দীপাবলি ও লক্ষ্মীপূজা উপলক্ষে সন্ধ্যা পর্যন্ত সিনেমাটির আয় হয়েছে ৫৬ কোটি ১৫ লাখ রুপি। সব মিলিয়ে চার দিনে ভারতের বাজারে মোট আয় ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি।

রাজ্যভিত্তিক আয়ের হিসাবে কর্ণাটক ও মহারাষ্ট্র এগিয়ে রয়েছে। অন্যদিকে শহরগুলোর মধ্যে বেঙ্গালুরু ও মুম্বাইয়ে টিকিট বিক্রি সবচেয়ে বেশি হয়েছে।

মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেয়েছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই বিশাল আয়োজন ঘিরে নির্মাতাদের প্রত্যাশাও অনেক। ছবিতে রামের বনবাস, রাবণের হাতে সীতাহরণ এবং পরবর্তী সময়ে রাম ও রাবণের বাহিনীর মধ্যকার যুদ্ধের কাহিনি তুলে ধরা হয়েছে।

পরিচালক নীতিশ তিওয়ারি জানিয়েছেন, দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এই সিনেমা নির্মাণ করতে তাঁর প্রায় সাত বছর সময় লেগেছে। তাঁর মতে, রামের যাত্রার মানবিক দিকগুলোই ছবিতে বিশেষভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে সাই পল্লবী, হনুমান চরিত্রে সানি দেওল, রাবণ চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট নির্মাণের পাশাপাশি ছবিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত দৃশ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষাতেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال