ঈশ্বরদী হয়ে চলাচল বন্ধ হতে পারে চিত্রা এক্সপ্রেস, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

পাবনা থেকে ঢাকাগামী নতুন ট্রেন ঈশ্বরদী স্টেশনে থামবে—এমন খবরে যখন স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরছিল, তখনই চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জানা গেছে, খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকায় চলাচলকারী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসকে ঈশ্বরদী এড়িয়ে রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সংগৃহীত

সোমবার (৯ নভেম্বর) রেলওয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। রেলভবনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়েও যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সচেতন নাগরিকেরা ট্রেনটির বর্তমান রুট বহাল রাখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সিদ্ধান্ত কার্যকর হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন তাঁরা।

ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সদস্যসচিব আশিকুর রহমান লুলু বলেন, রেলওয়ের এমন সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দারা মেনে নেবেন না। তাঁর মতে, সিদ্ধান্তটি চূড়ান্ত হলে ঈশ্বরদীতে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।

ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ জানান, এর আগে খুলনা-ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেসের চলাচল ঈশ্বরদী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবার চিত্রা এক্সপ্রেসের রুটও পরিবর্তন করা হলে ঈশ্বরদী জংশন থেকে সরাসরি ঢাকায় যাওয়ার সুযোগ আরও সীমিত হয়ে পড়বে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ যাত্রীদের যাতায়াত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন। তিনি বলেন, চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো চিঠি তাঁর হাতে আসেনি। তবে রেলভবনে এ নিয়ে সভা ও সিদ্ধান্তের কথা তিনি শুনেছেন।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال