গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতাতেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হয়েছেন তিনি।
![]() |
| সংগৃহীত |
এ পর্যন্ত ইয়ামালের অ্যাসিস্টের সংখ্যা ১২টি। ১১টি অ্যাসিস্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন।
রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। তাঁর পাস থেকেই জয়সূচক গোলটি করেন ফারমিন লোপেজ। চলতি মৌসুমে লা লিগায় আটটি এবং চ্যাম্পিয়ন্স লিগে চারটি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ তারকা।
অ্যাসিস্টের তালিকায় ইয়ামাল ও কেইনের পর আটটি করে অ্যাসিস্ট নিয়ে রয়েছেন তুফান, নিকো পাজ ও গ্লোরি গ্রুল।
আতলেতিকোর বিপক্ষে ম্যাচে ইয়ামালের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। ছয়বার সফল ড্রিবলিংয়ের পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ সাতটি গোলের সুযোগ তৈরি করেন তিনি। এ ছাড়া তিনটি ক্রস দেওয়ার পাশাপাশি রক্ষণভাগেও অবদান রাখেন। ম্যাচে দুটি ট্যাকল জেতেন এই তরুণ ফুটবলার।
চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ইয়ামাল। গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই দলের সাফল্যে নিয়মিত অবদান রাখছেন তিনি।
সংগৃহীত
