নতুন দুটি প্রযুক্তিপণ্য উন্মোচন করেছে মটোরোলা। পণ্য দুটি হলো মটো ওয়াচ ২ ফিট স্মার্টওয়াচ এবং মটো বাডস ২ আলট্রা ওয়্যারলেস ইয়ারবাড। স্মার্টওয়াচটিতে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি পোলারের ফিটনেস ট্র্যাকিং প্রযুক্তি রয়েছে। অন্যদিকে ইয়ারবাডে যুক্ত করা হয়েছে বোসের সাউন্ড টিউনিং ও অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন সুবিধা।
![]() |
| সংগৃহীত |
মটো ওয়াচ ২ ফিটে রয়েছে ১.৮৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যার রেজল্যুশন ৩৯০ × ৪৫০ পিক্সেল। অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি ঘড়িটিতে IP68 রেটিং থাকায় ধুলা ও পানির বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যাবে। এটি চলবে আরটিওএস অপারেটিং সিস্টেমে। পোলারের ফিটনেস ট্র্যাকিং প্রযুক্তি যুক্ত থাকলেও ওয়্যার ওএসের মতো এতে থার্ড-পার্টি অ্যাপ ইনস্টল করার সুযোগ নেই।
ঘড়িটিতে ৪০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। মটোরোলার দাবি, অলওয়েজ-অন ডিসপ্লে চালু রেখে একবার চার্জে সর্বোচ্চ সাত দিন ব্যবহার করা যাবে। ডিসপ্লে বন্ধ রাখলে ব্যাকআপ পাওয়া যাবে ১২ দিন পর্যন্ত। আর কম বিদ্যুৎ ব্যবহারের মোডে এটি চলবে সর্বোচ্চ ১৬ দিন। মাত্র ১০ মিনিট চার্জ দিলেই পাওয়া যাবে প্রায় ২৪ ঘণ্টার ব্যবহারের সুবিধা।
অন্যদিকে মটো বাডস ২ আলট্রার বিশেষ আকর্ষণ বোসের সাউন্ড টিউনিং এবং অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) প্রযুক্তি। এতে রয়েছে ১১ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার এবং ব্লুটুথ ৬.০ সংযোগ সুবিধা। অডিও কোডেক হিসেবে সমর্থন করবে এলএইচডিসি ৪, এলএইচডিসি ৫, এসবিসি ও এএসি।
ইয়ারবাডটি একবার চার্জে সর্বোচ্চ আট ঘণ্টা চলতে পারবে। চার্জিং কেসসহ মোট ব্যাকআপ পাওয়া যাবে ৩৭ ঘণ্টা। কেসটিতে রয়েছে কিউআই২ প্রযুক্তির ওয়্যারলেস চার্জিং সুবিধা। ইয়ারবাড ও চার্জিং কেস—দুটিতেই IP57 রেটিং দেওয়া হয়েছে।
ইউরোপের বাজারে মটো ওয়াচ ২ ফিটের দাম শুরু হয়েছে ১১৯ ইউরো থেকে, বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক ১২ হাজার টাকা। আর মটো ওয়াচ ২ ফিট আলট্রার দাম রাখা হয়েছে ১৯৯ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে পণ্য দুটি পাওয়া যাবে। তবে বাংলাদেশের বাজারে কবে আসবে এবং দাম কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।
সংগৃহীত
