সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রত্যেককে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে স্কুল-কলেজে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিতেও শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। এ কর্মসূচিতে ছয় থেকে সাত ধরনের খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।
ভাষা শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শেখার সুযোগ দেওয়া হবে। এ জন্য ছয় থেকে সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়া যাবে। তালিকায় ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা থাকবে।
এ সময় রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, পরিবারের সদস্য ও আপনজনদের জন্মদিনে উপহার হিসেবে গাছ দেওয়া যেতে পারে। বেশি করে গাছ লাগালে পরিবেশের উন্নতি হবে, যার সুফল সবাই ভোগ করবে।
তিনি আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে।
এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবন পরিদর্শনে আসেন। এছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী এ পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পাশাপাশি সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
সংগৃহীত
