ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করতে না পারেন, সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত অতিক্রমের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করলে সাধারণ নাগরিকদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছে বিজিবি।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে। গোপালগঞ্জে দলটির নেতা-কর্মীদের বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর প্রকাশিত হয়। এরপর সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজিবি কর্মকর্তাদের আশঙ্কা, ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী দেশে ফেরার চেষ্টা করতে পারেন। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে কেউ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে সে বিষয়ে সাধারণ নাগরিকরা বিজিবিকে তথ্য দিতে পারবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
অন্যদিকে, সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, তাঁর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, বৈধ পাসপোর্টধারীরা নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেল দিয়ে যাতায়াত করতে পারবেন। তবে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ডিসেম্বর মাসে বিজয় দিবস ও বড়দিনসহ বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে পুলিশও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। পুলিশ সদর দপ্তরের এআইজি কামারুম মুনিরা জানিয়েছেন, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিষিদ্ধ সংগঠন বা কার্যক্রম নিষিদ্ধ কোনো দল যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সংগৃহীত
