কাশ্মীরের কুলগামে এনকাউন্টার, নিহত লস্কর কমান্ডার লতিফ ভাট

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাট। সোমবার (১৬ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। অভিযানে আরও কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে ঘটনাস্থলে এখনও অন্তত একজন জঙ্গি নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে রয়েছে।
সংগৃহীত

পুলিশ সূত্রে জানা গেছে, কুলগামের লারু এলাকায় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF) এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযান চালায়। একপর্যায়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এতে লস্কর কমান্ডার লতিফ ভাট নিহত হন। অভিযান ঘিরে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, কুলগামের বাসিন্দা লতিফ ভাট পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন। নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে তিনি নিয়মিত অবস্থান পরিবর্তন করতেন। এ কাজে স্থানীয় ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের (OGW) সহযোগিতা নেওয়া হতো বলেও ধারণা তদন্তকারীদের।

২০২৬ সালে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনায় লতিফ ভাটের নাম উঠে এসেছে। গত ২২ জুলাই অনন্তনাগের লালচক এলাকায় এক পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া ৩১ জুলাই কুলগামে পরিযায়ী শ্রমিকদের হত্যার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল বলে দাবি তদন্তকারীদের।

এর আগে গত ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে একটি CRPF ক্যাম্পে হামলা চালায় দুই সশস্ত্র জঙ্গি। ওই ঘটনায় তিনজন CRPF জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হামলার পর জঙ্গিরা জঙ্গলে ঘেরা এলাকায় পালিয়ে যায়।

এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কিশতওয়ারে দুই স্পেশাল পুলিশ অফিসারকে (SPO) হত্যা করে জঙ্গিরা। নিহতরা হলেন বাবি চাঁদ ও যশপাল কুমার। সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করতে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে।

পরপর এসব হামলার ঘটনায় জম্মু-কাশ্মীরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। CRPF-এর স্পেশাল ডিরেক্টর জেনারেল সন্দীপ খিরওয়ার জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর পুরো কেন্দ্রশাসিত অঞ্চলে সতর্কতা বাড়ানো হয়েছে।

এদিকে, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর কাশ্মীরে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল, সাম্প্রতিক হামলাগুলো সেই দাবি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও উপত্যকার পরিস্থিতি নিয়ে এমন দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال