রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরের সীমানাপ্রাচীরের পাশে ফুলবাগান থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনায় নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার চার দিন পার হলেও গ্রেনেড দুটি কারা সেখানে রেখেছিল, তা শনাক্ত করতে পারেনি পুলিশ।
![]() |
| সংগৃহীত |
গত ১০ নভেম্বর বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান প্রবেশপথের ডান পাশে ফুলগাছের মধ্যে গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানবন্দরের প্রধান প্রবেশপথ বন্ধ রাখা হয়। এ ঘটনায় বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার কিছুক্ষণ আগে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকার একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। পরে বিকল্প পথে তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের নিরাপদে বিমানবন্দর থেকে বের করে নেওয়া হয়।
ওই দিন বিকেলে বোমা নিষ্ক্রিয়করণ দল রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া বিলে উদ্ধার করা গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে। পাশাপাশি ফরেনসিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।
এ ঘটনায় বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ হাকাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়েছেন উপপরিদর্শক মাহফুজুল ইসলাম।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তবে বিমানবন্দরের বাইরের ওই ফুলবাগান এলাকায় সরাসরি কোনো ক্যামেরা না থাকায় তদন্তে জটিলতা তৈরি হয়েছে। আশপাশের ভবন ও অন্যান্য স্থাপনার ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
রাজশাহী বিমানবন্দরের ব্যবস্থাপক যোগেশ চন্দ্র সরকার জানান, বিমানবন্দরের ভেতরে ও বাইরের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন। ঘটনার পর থেকে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গ্রেনেড দুটি সেখানে কারা রেখেছিল, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর গায়ে কোনো লেখা বা চিহ্ন পাওয়া যায়নি। ফলে এগুলো কোন দেশের তৈরি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক প্রতিবেদনসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, বিমানবন্দরসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় কোনো ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের শনাক্ত করতে নগরীর বিভিন্ন প্রবেশপথ এবং ব্যস্ত এলাকায় নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজও চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক, মোড় ও প্রবেশপথে চার শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এসব ক্যামেরা পর্যবেক্ষণের জন্য ছিল একটি আধুনিক সাইবার সেন্টার। তবে রক্ষণাবেক্ষণের অভাব এবং জুলাইয়ের গণআন্দোলনের সময় বিভিন্ন থানা ও সড়কের ক্যামেরা নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় নজরদারি কার্যক্রম ব্যাহত হয়। বর্তমানে নগরজুড়ে নতুন করে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে পুলিশ।
সংগৃহীত
