বাঘায় পৃথক অভিযানে ভেজাল গুড় তৈরি ও অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানা পরিচালনা এবং অবৈধভাবে পদ্মা নদী থেকে মাটি উত্তোলনের অভিযোগে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সংগৃহীত

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ও সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা।

জানা গেছে, উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর এলাকায় নিজ বাড়িতে কারখানা স্থাপন করে ভেজাল গুড় তৈরি করছিলেন আকতার সরকার। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে চিনি, মোনালিসা, বিভিন্ন রাসায়নিক উপাদান, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় উৎপাদন করে আসছিলেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা থেকে ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলম হোসেন খানের বিরুদ্ধে খানপুর সুগার মিলের আখ ক্রয়কেন্দ্র সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি মালবাহী গাড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গাড়ির মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা জানান, অস্বাস্থ্যকর ও ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে গুড় তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানার মালিককে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা মালবাহী গাড়িটি জরিমানা আদায়ের পর ছেড়ে দেওয়া হয়েছে।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال