ডিসেম্বর মাসকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
![]() |
| সংগৃহীত |
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসআরবি সদস্যরা কাজ করছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, গত কয়েক দিনে সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬-এর বিভিন্ন দল ইউনিফর্ম ও সাদাপোশাকে অভিযান পরিচালনা করছে। অপরাধী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে একাধিক অভিযানও চালানো হয়েছে।
খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে বলেও জানান তিনি।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে ইন্তেখাব চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কোনো অপরাধের তথ্য পাওয়ার পর গোয়েন্দা দল কাজ শুরু করে। পরে অভিযানিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। সবকিছু যাচাই-বাছাইয়ের পর অভিযান পরিচালনা করা হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, সন্ধ্যা ও রাতের সময় বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও পায়ে হেঁটে নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, সেসব সময় চিহ্নিত করে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চেকপোস্ট ও টহলের সংখ্যা বাড়ানো হচ্ছে।
অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতেও নজরদারি চলছে। এ জন্য এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকায় চেকপোস্ট ও টহল থাকার পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো ঢাকা শহরকে সম্পূর্ণ নিরাপত্তার আওতায় রাখা কঠিন। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়ে তিনি জানান, বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি চেকপোস্টে মোটরসাইকেল আরোহী এবং তাঁদের সঙ্গে থাকা ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র তল্লাশিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব কার্যক্রমের মাধ্যমে নাশকতা প্রতিরোধ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা।
সংগৃহীত
