জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর, শিক্ষককে হেনস্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে বাংলা বিভাগের এক শিক্ষককেও হেনস্তা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে এসব ঘটনা ঘটানো হয়।

মারধরের শিকার পাঁচ কর্মকর্তাকে পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের পুলিশের কাছে হস্তান্তরের দাবিও জানান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। বিকেল পর্যন্ত তাঁদের প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়। এদিকে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যের নেতৃত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

মারধরের শিকার কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। হেনস্তার শিকার শিক্ষক বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত। তাঁদের দাবি, অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। এ ধরনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করে তাঁদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেনকে মারধর করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে তাঁর কার্যালয় থেকে নিয়ে প্রক্টরের দপ্তরে রাখা হয়। এ সময় তাঁর মুঠোফোনও কেড়ে নেওয়া হয়।

এরপর বিজ্ঞান অনুষদ এলাকায় কয়েকজন কর্মকর্তাকে খুঁজতে যান তাঁরা। পরে ছাত্রশক্তির নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। দুই সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল দাবি করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তাঁদের অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয় ব্যক্তিদের বিষয়ে কোনো আপস করা হবে না।

বিক্ষোভের পর আবারও বিভিন্ন দপ্তরে অভিযান চালান দুই সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় রেজিস্ট্রার দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পালকে মারধর করা হয়। তাঁর শার্ট ছিঁড়ে ফেলা হয়। পরে তাঁকে টেনেহিঁচড়ে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এরপর ভাষাশহীদ রফিক ভবনে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে আওয়ামী লীগের সমর্থক আখ্যা দিয়ে হেনস্তা করা হয়। বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেলে সেটি বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

পরে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে গিয়ে উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডলকে মারধর করা হয়। তাঁর পরনের শার্টও ছিঁড়ে ফেলা হয়। একইভাবে দ্বিতীয় দফায় ভাষাশহীদ রফিক ভবনে গিয়ে সেকশন অফিসার নুরুল হুদা ও ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনিকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ জানান, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অপতৎপরতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি বৈঠকও ডাকা হয়।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال