গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। প্রায় দুই বছর পর সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা।
![]() |
| সংগৃহীত |
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী উপজেলা পরিষদ ভবনের কাছে জড়ো হন। পরে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। সেখানে সভা শেষে আবার মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান।
কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রবেশের বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চান সাংবাদিকেরা। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখবে।
এর আগে রোববার রাতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন।
রোববার সকাল ১১টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দলটির নেতা-কর্মীরা মহড়া দেন। এ সময় তাঁদের হাতে লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।
একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন।
এ ছাড়া টুঙ্গিপাড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়। তিনি পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী। এর আগে ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিন পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়েছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন স্থাপনার সামনে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
বিজিবি সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সংগৃহীত
