মানবতাবিরোধী অপরাধের যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মামলার পুনর্বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার ভাষ্য, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও আর নেই।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে দেশে ফেরাতে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে একাধিকবার তাগাদাও দেওয়া হয়েছে।
গত ১২ নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। এর মধ্যে একটি শর্ত ছিল, মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে পুনর্বিচার বা আপিলের সুযোগ নিশ্চিত করা। বিবিসির প্রতিবেদনের বরাত দিয়ে গত শনিবার ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনেও বিষয়টি প্রকাশিত হয়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পুনর্বিচারের প্রস্তাবকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত বিধান নেই। এ ধরনের বক্তব্য তারা প্রত্যাখ্যান করেন।
তিনি আরও প্রশ্ন তোলেন, বিচারিক কার্যক্রম শুরু থেকেই ভারত বিষয়টি জানত। সে সময় শেখ হাসিনাকে বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা বা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি কেন?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল গত বছরের ১৭ নভেম্বর। ফলে আপিলের নির্ধারিত সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলেই এ আইনের অধীনে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ও কার্যপ্রণালি বিধিমালা তৈরি করা হয়েছিল। ২০২৪ সালের আগ পর্যন্ত ওই আইন ও বিধিমালা অনুসারেই ট্রাইব্যুনাল পরিচালিত হয়েছে। বর্তমান সরকার আপিলসংক্রান্ত বিধানে কোনো পরিবর্তন আনেনি বলেও জানান তিনি।
আমিনুল ইসলামের বক্তব্য, আইনে অনুমতি না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও পক্ষে আপিলের সুযোগ দেওয়ার ক্ষমতা নেই।
অন্যদিকে, শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বিষয়টি তার এখতিয়ারভুক্ত নয়।
সংগৃহীত
