যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তৌকিরের কাছ থেকে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত কয়েকজন সহযোগীর নাম-পরিচয়ও তিনি জানিয়েছেন। সেসব তথ্য যাচাই করা হচ্ছে। সময়ের সীমাবদ্ধতার কারণে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তৌকিরকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতের অধীনে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। নিয়োগের প্রথম ধাপে ১০ অক্টোবর ঢাকা মহানগরের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ছিল।
কিন্তু পরীক্ষা শুরুর প্রায় ৫৪ মিনিট আগে সকাল ১০টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র প্রকাশের তথ্য পান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে অধিদপ্তরে সংরক্ষিত মূল প্রশ্নপত্র মিলিয়ে একই পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এরপর নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। এতে পরীক্ষার আয়োজনের জন্য বরাদ্দ সরকারি অর্থ, জনবল ও অন্যান্য সম্পদের অপচয় হয়েছে বলে মামলায় বলা হয়।
প্রশ্নপত্র তৈরি, মুদ্রণ, সংরক্ষণ, পরিবহন অথবা বিতরণের কোনো পর্যায়ে যোগসাজশের মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে থাকতে পারে বলে এজাহারে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় ১১ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুর রহমান বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন।
সংগৃহীত
