মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে এক নারীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


রবিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আমিত দেওয়ানজী জানান, সোহেল রানার পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। তবে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ইখতিয়ার হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে তিনি আত্মগোপন করতে পারেন এবং এতে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের একটি দল। এর আগে ১১ নভেম্বর এক নারী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার এজাহারে বাদী নিজেকে সাংস্কৃতিককর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। সেখানে বলা হয়, স্বামীর ব্যবসায়িক সূত্রে ২০২১ সালে সোহেল রানার সঙ্গে তার পরিচয় হয়। পরে অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার কথা বলে তাকে নুরজাহান রোডের একটি স্থানে ডেকে নেওয়া হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৪ আগস্ট চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ওই নারীকে একটি বিশেষ কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করার অভিযোগও করা হয়েছে। বাদীর দাবি, এভাবে একাধিকবার তাকে নির্যাতন করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, চলতি বছরের ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির দেওয়ার কথা বলে ওই নারীকে আবারও ডেকে নেওয়া হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

সংগৃহীত 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال