ধানমন্ডির বারে ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্মী

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার রাতের এ ঘটনায় ছাত্রদলের তিনজন আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ছাত্রলীগের দুই নেতাকে আটক করে। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও হেফাজতে নেওয়া হয়েছে।

সংগৃহীত

রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত—এমন অভিযোগে বুধবার রাতে তাঁকে আটক করেন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী। এ সময় তাঁরা তাঁর মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। একপর্যায়ে সুমন তাঁদের কাছ থেকে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।

পরে কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হয়ে সুমনকে ছাড়ানোর চেষ্টা করেন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটক করতে চাইলে তিনি বারের ভেতরে আশ্রয় নেন।

এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব এবং ছাত্রদল নেতা আকাশ আহত হন। তাঁদের মাথায় আঘাত লাগে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০০ থেকে ১৫০ জন ছাত্রদল নেতা-কর্মী বারে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের প্রবেশপথ বন্ধ করে দেন। পরে সেখানে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বারের ভেতরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রাজা ও সুমনকে আটক করা হয়। পাশাপাশি কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার সাবেক সহসভাপতি মোতাহার হোসেন জানান, ছাত্রলীগ নেতা সুমন ও রাজাকে আটক করতে তাঁরা সেখানে গিয়েছিলেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার তথ্য তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। নিরাপত্তাকর্মীদের মারধরে তিনিসহ তিনজন আহত হয়েছেন বলেও জানান। আহত ব্যক্তিরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার বিষয়ে রাত পৌনে একটার দিকে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতা, কয়লা বারের ব্যবস্থাপকসহ মোট ৮ থেকে ৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এদিকে ছাত্রদলের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে অবস্থান করছিলেন। তাঁদের পক্ষ থেকে মামলা বা অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال