যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম। রিপাবলিকান দলের বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। তাঁর জয়ের মধ্য দিয়ে ১৫২ বছর পর অঙ্গরাজ্যটি আবারও একজন কৃষ্ণাঙ্গ সিনেটর পেল।
![]() |
| সংগৃহীত |
এর আগে ১৮৭৪ সালে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ-পরবর্তী পুনর্গঠন যুগে মিসিসিপি থেকে কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছিলেন ব্লাঞ্চ ব্রুস। একসময় দাস হিসেবে জীবন কাটানো ব্রুসই ছিলেন অঙ্গরাজ্যটির সর্বশেষ কৃষ্ণাঙ্গ সিনেটর।
রিপাবলিকানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত মিসিসিপিতে কোলমের জয় মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে বিভিন্ন আসনে পরাজিত করেছে ডেমোক্র্যাটরা। মিসিসিপির ফল সেই নির্বাচনী চিত্রে নতুন মাত্রা যোগ করেছে।
এই জয়ের ফলে ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে। অন্যদিকে রিপাবলিকানদের আসন ৪৪টি। আলাস্কার একটি আসনের ফল তখনো ঘোষণা করা হয়নি।
প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, নিম্নকক্ষে দলটির আসন ২৫৪টি এবং রিপাবলিকানদের ১৬৮টি। আরও ১৩টি আসনের ফল ঘোষণা বাকি ছিল।
মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে তাঁর প্রশাসনকে এখন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে কাজ করতে হবে। বিরোধী দল আইন প্রণয়নে প্রশাসনের উদ্যোগ বাধাগ্রস্ত করার পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তও করতে পারবে।
মিসিসিপির সিনেট আসনটির ভোট গণনা এক সপ্তাহের বেশি সময় ধরে চলে। দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত কাছাকাছি। সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ হিসাব অনুযায়ী, কোলম ৪ হাজার ৫০০-এর বেশি ভোটে এগিয়ে ছিলেন। ভোটের ব্যবধান ছিল মাত্র ০ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।
৪৩ বছর বয়সী স্কট কোলম পেশায় একজন জেলা অ্যাটর্নি। ১৯৮২ সালে জন স্টেনিসের পর তিনিই মিসিসিপি থেকে সিনেটে নির্বাচিত প্রথম ডেমোক্র্যাট।
অন্যদিকে ৬৭ বছর বয়সী সিন্ডি হাইড-স্মিথ ২০১৮ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। জনমত জরিপে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিসিসিপিতে প্রায় ২৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারের মধ্যবর্তী নির্বাচনের শেষ পর্যায়ে হাইড-স্মিথের পক্ষে প্রচারেও অংশ নেন তিনি।
অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোলম বলেছিলেন, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কারণে মিসিসিপির ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়া ভোটারদের ক্ষোভের অন্যতম কারণ।
নির্বাচনী প্রচারে সাধারণ ভোটারদের কাছে পৌঁছাতে নানা উদ্যোগ নেন কোলম। জনসভা আয়োজনের পাশাপাশি সরকারি আবাসন প্রকল্প, বিভিন্ন উৎসব এবং খাবারের গাড়ির আশপাশে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
কোলম বলেন, তৃণমূল পর্যায় থেকে মানুষের কাছে পৌঁছানোর কঠিন পথ অনুসরণ করেই তাঁরা নির্বাচনী প্রচার চালিয়েছেন।
এর আগে ২০২৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোলমকে ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে কোলমের অবস্থানের কথা উল্লেখ করে সেই মনোনয়ন আটকে দেন সিনেটর সিন্ডি হাইড-স্মিথ। যদিও মিসিসিপির আরেক রিপাবলিকান সিনেটর রজার উইকার তাঁর মনোনয়নের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
সংগৃহীত
