২০২৩ সালে মেক্সিকোর আকাপুলকো উপকূলে আঘাত হানা শক্তিশালী হারিকেন অটিসের ভয়াবহতা এবং দুই নাবিকের বেঁচে ফেরার অভিজ্ঞতা অবলম্বনে নির্মিত হয়েছে মেক্সিকান সিনেমা ‘সারভাইভিং হারিকেন অটিস’। ঘণ্টায় প্রায় ২৬৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস ও উত্তাল সমুদ্রের মধ্যে প্রাণ বাঁচানোর সংগ্রামই সিনেমাটির মূল উপজীব্য।
![]() |
| সংগৃহীত |
২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। মুক্তির পরদিনই এটি নেটফ্লিক্সের বিশ্বব্যাপী চলচ্চিত্র তালিকার শীর্ষস্থান দখল করে বলে ২৪ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়। ৯৬ মিনিটের এই ছবিটি স্প্যানিশ ভাষায় নির্মিত। এতে অভিনয় করেছেন বেনি ইমানুয়েল ও ক্রিস্তিয়ান ফেরের। পরিচালনায় রয়েছেন হোর্হে মিচেল গ্রাউ।
সিনেমার গল্পে দুই ভাই উইরপুল ও ক্যান্ডিকে দেখা যায়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। আকাপুলকোর উপকূলে একটি প্রমোদতরিতে কাজ করার সময় তারা ভয়ংকর ঝড়ের মুখে পড়ে। অল্প সময়ের মধ্যে ঝড়টি পাঁচ মাত্রার হারিকেনে পরিণত হয়। একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, নৌযানটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখন উত্তাল সমুদ্রে টিকে থাকাই হয়ে ওঠে তাদের প্রধান লক্ষ্য। জীবন বাঁচানোর এই কঠিন পরিস্থিতিতে নিজেদের বিরোধ ভুলে একে অপরের ওপর নির্ভর করতে বাধ্য হয় দুই ভাই।
সিনেমাটির গল্পের পেছনে রয়েছে বাস্তব ঘটনা। ২০২৩ সালের অক্টোবরে হারিকেন অটিসের সময় আকাপুলকোর কাছে নৌযানে অবস্থান করে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন দুই নাবিক মারলন ভালদেজ ও জনাথন চিনো। তাঁদের অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত প্রতিবেদন পরিচালকের নজরে আসে। সেখান থেকেই সিনেমাটি নির্মাণের ভাবনা তৈরি হয়।
বাস্তবে মারলন ও জনাথন ভাই নন, তাঁরা বন্ধু। তবে সিনেমায় তাঁদের অভিজ্ঞতাকে দুই ভাইয়ের গল্প হিসেবে তুলে ধরা হয়েছে। নির্মাণের সময় বাস্তবের এই দুই নাবিক পরামর্শ দিয়েছেন এবং অভিনেতাদের নৌযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন। সিনেমার একটি দৃশ্যেও তাঁদের উপস্থিতি রয়েছে।
ঝড় ও উত্তাল সমুদ্রের দৃশ্য বাস্তবসম্মতভাবে তুলে ধরতে নির্মাতাদের বড় আয়োজন করতে হয়েছে। পরিচালকের তথ্য অনুযায়ী, প্রায় তিন বছর ধরে সিনেমাটির কাজে যুক্ত ছিলেন প্রায় ৮০০ জন। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন কাজ করেছেন ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে।
মেক্সিকো সিটির চুরুবুসকো স্টুডিওতে প্রায় ২০০ বর্গমিটার আয়তনের একটি পানির ট্যাংক তৈরি করা হয়। সমুদ্রের দৃশ্য ধারণে ব্যবহার করা হয়েছে আট টন ওজনের তিনটি নৌযান। বাতাসের গতি, ঢেউ এবং পানির প্রবাহের বাস্তব অনুভূতি তৈরি করতে বিশেষ যন্ত্রপাতির পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের সাহায্য নেওয়া হয়েছে। ঝড়ের গতিপথ, বাতাসের দিক ও পানির উচ্চতার পরিবর্তন বিবেচনায় রেখেই দৃশ্যগুলো নির্মাণ করা হয়।
পরিচালক হোর্হে মিচেল গ্রাউয়ের মতে, সিনেমাটির লক্ষ্য কেবল একটি ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের চিত্র দেখানো নয়। এর মধ্য দিয়ে দুর্যোগের সময় সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভিন্ন বাস্তবতাও তুলে ধরতে চেয়েছেন তিনি।
হারিকেন অটিসের সময় অনেক নাবিককে মালিকদের নৌযান পাহারা দেওয়ার দায়িত্ব পালন করতে হয়েছিল। ঝড়ের ভয়াবহতা সম্পর্কে জানার পরও তাঁদের নৌযানের কাছেই থাকতে হয়। এতে একদিকে সাধারণ শ্রমজীবী মানুষের ঝুঁকি ও অসহায়ত্ব, অন্যদিকে সম্পদ রক্ষায় বিত্তশালীদের ব্যবস্থা—দুইয়ের মধ্যে বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে। সিনেমাটিতে এই সামাজিক বৈষম্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
২০২৩ সালের হারিকেন অটিসে অন্তত ৫২ জন প্রাণ হারান। এ ছাড়া বহু মানুষ নিখোঁজ হন। সেই বাস্তব বিপর্যয়কে ভিত্তি করে নির্মিত ‘সারভাইভিং হারিকেন অটিস’ তাই শুধু দুর্যোগের মধ্যে টিকে থাকার কাহিনি নয়; এতে মানুষের সাহস, পারস্পরিক নির্ভরতা এবং সামাজিক বাস্তবতার চিত্রও তুলে ধরা হয়েছে।
সূত্র: নেটফ্লিক্স মিডিয়া সেন্টার
সংগৃহীত
