![]() |
| সংগৃহীত |
গত ২৯ অক্টোবর ছিল তাঁদের ছোট মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মা মৌসুমী। অন্যদিকে বাংলাদেশে অবস্থান করেও ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন বাবা ওমর সানী।
মেয়ের জন্মদিন উপলক্ষে ফেসবুকে দেওয়া পোস্টে মৌসুমী তাঁর প্রতি ভালোবাসা ও দোয়া প্রকাশ করেন। মেয়েকে জীবনের বিশেষ উপহার উল্লেখ করে তিনি লেখেন, ফাইজা তাঁর হাসি, গর্ব ও পৃথিবী। মেয়ের জীবন সুখ, শান্তি, ভালোবাসা ও সাফল্যে ভরে উঠুক—এমন প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
আরেকটি বার্তায় মৌসুমী মেয়ের সুস্থতা ও আনন্দময় জীবনের জন্য দোয়া করেন। মা হিসেবে মেয়েকে আজীবন ভালোবাসা দিয়ে আগলে রাখার ইচ্ছার কথাও তুলে ধরেন তিনি।
মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুল করেননি ওমর সানীও। ভিডিও কলে ফাইজার সঙ্গে কথা বলার মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। একাধিক পোস্টে মেয়ের প্রতি স্নেহ প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া জানান এই অভিনেতা।
মৌসুমী ও ওমর সানীর দুই সন্তানের মধ্যে ফাইজা ছোট। বাংলাদেশে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন তিনি। এই বিষয়কে ঘিরেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে চান ফাইজা।
অন্যদিকে তাঁদের বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন পড়াশোনা শেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকে পড়াশোনার পাশাপাশি নির্মাণ ও প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন তিনি। তবে বর্তমানে সেই ব্যবসার সঙ্গে আর নেই।
সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওমর সানী জানান, তিনি ও মৌসুমী কখনোই তাঁদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। এ লেভেল পর্যন্ত পড়াশোনার বিষয়ে তাঁরা গুরুত্ব দিয়েছেন। এরপর সন্তানদের নিজেদের পছন্দ অনুযায়ী কাজের ক্ষেত্র ও পড়াশোনার বিষয় বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন।
ওমর সানীর ভাষ্য, ছেলে ফারদীন বর্তমানে দুবাইয়ে ভালো আছেন এবং আবাসন ব্যবসার সঙ্গে কাজ করছেন। আর মেয়ে ফাইজা কসমেটোলজি নিয়ে পড়ছেন। সন্তানদের পছন্দের প্রতি তাঁদের দুজনেরই সমর্থন রয়েছে।
সন্তানদের উদ্দেশে এই অভিনেতার প্রত্যাশা, তাঁরা নিজেদের মতো করে বেড়ে উঠবেন, জীবনে প্রতিষ্ঠিত হবেন এবং ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করবেন।
সংগৃহীত
