অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তি থাকলে ‘না’ বলার অধিকার রয়েছে: ইনিয়া

সিনেমায় ঘনিষ্ঠ মুহূর্ত, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয়ের ক্ষেত্রে শিল্পীদের সম্মতি ও ব্যক্তিগত সীমারেখার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। শুটিংয়ের সময় অভিনয়শিল্পীদের স্বাচ্ছন্দ্য এবং তাঁদের সিদ্ধান্তকে কতটা গুরুত্ব দেওয়া হয়, তা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ইনিয়া।

সংগৃহীত

সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, কোনো শিল্পী সম্মতি না দিলে তাঁকে জোর করে কোনো দৃশ্যে অভিনয় করানো উচিত নয়। তবে কোনো বিষয়ে অস্বস্তি থাকলে তা আগেই নির্মাতাদের জানানো প্রয়োজন।

ইনিয়ার মতে, অন্তরঙ্গ মুহূর্ত, শোবার ঘরের দৃশ্য, চুম্বন বা আলিঙ্গনের মতো দৃশ্যে অভিনয় করতে আপত্তি থাকলে শুরুতেই তা স্পষ্ট করা উচিত। একইভাবে খোলামেলা পোশাক পরতে অনিচ্ছুক হলেও সেটি জানাতে হবে।

অভিনেত্রী বলেন, অভিনয়শিল্পীর সম্মতি ছাড়া কাউকে কোনো কিছু করতে বাধ্য করা যায় না। কোনো দৃশ্য নিয়ে অস্বস্তি থাকলে তা নির্মাতাদের জানানো উচিত। প্রয়োজনে ক্যামেরার বিশেষ কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করার সুযোগ রয়েছে।

তিনি আরও মনে করেন, কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার বিষয়টি ভিন্নভাবে দেখা যেতে পারে। তাই শুটিং শুরুর আগেই নিজের পছন্দ-অপছন্দ এবং ব্যক্তিগত সীমারেখা পরিষ্কার করে নেওয়া গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকারে ব্যক্তিগত পরিসরের গুরুত্ব সম্পর্কে বাবার কাছ থেকে পাওয়া একটি শিক্ষার কথাও তুলে ধরেছেন ইনিয়া। তাঁর বাবা নিজের ঘরের উদাহরণ দিয়ে বোঝাতেন, ব্যক্তিগত জায়গায় কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই নিজের।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’। ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করেছেন ইনিয়াও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال