জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত সদস্যরা এতে সম্মতি জানান।

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনের অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

তিনি বলেন, সংসদের অধিবেশন চলার সময় বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ছয় মেগাওয়াট। অন্য সময়ে এ চাহিদা আরও কম থাকে। ফলে সংসদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

বৈঠকে ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট প্রকল্পের অগ্রগতি এবং জাতীয় সংসদের শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও কমিটিকে অবহিত করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার বসার কথা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال