চাকরির বেতনের পাশাপাশি ব্যক্তিগত টিউশনি, লটারি ও সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে পাওয়া আয়ও করের আওতায় আনার বিষয়ে আপত্তি জানিয়েছেন অধিকাংশ অংশগ্রহণকারী। দৈনিক শিক্ষাডটকমের এক অনলাইন জরিপে ৭৭ শতাংশ মানুষ এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের বড় অংশই টিউশনির সঙ্গে যুক্ত শিক্ষক বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
![]() |
| সংগৃহীত ছবি |
২০২৬-২৭ করবর্ষের আয়কর নির্দেশিকায় শিক্ষকদের বেতনের বাইরের বিভিন্ন উৎস থেকে পাওয়া আয় মোট আয়ের সঙ্গে যুক্ত করার নিয়ম ও হিসাব তুলে ধরা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ২১ শতাংশ। বাকি ২ শতাংশ কোনো মতামত দেননি।
গত শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে জরিপটি পরিচালিত হয়। এতে অংশ নেন মোট ২ হাজার ৪৬ জন ইন্টারনেট ব্যবহারকারী। তাঁদের মধ্যে ৪২৭ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, ‘না’ ভোট দিয়েছেন ১ হাজার ৫৮৪ জন। আর ৩৫ জন কোনো মতামত জানাননি।
জরিপে প্রশ্ন ছিল, শিক্ষকদের টিউশনি ও সঞ্চয়পত্র থেকে পাওয়া আয়ের ওপরও কর দিতে হবে—এ সিদ্ধান্তের সঙ্গে তাঁরা একমত কি না।
এদিকে ২০২৬-২৭ করবর্ষের আয়কর নির্দেশিকায় বেসরকারি ইংরেজি মাধ্যমের শিক্ষক আমিনুল ইসলামের বার্ষিক আয়, বিনিয়োগজনিত কর রেয়াত, সম্পদের সারচার্জ এবং উৎসে কর সমন্বয়ের একটি উদাহরণ দেওয়া হয়েছে।
নির্দেশিকার হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চাকরি থেকে আমিনুল ইসলামের মোট আয় হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে মাসিক ৪০ হাজার টাকা হিসাবে মূল বেতন ৪ লাখ ৮০ হাজার টাকা, বাড়িভাড়া ভাতা ১ লাখ ৮৬ হাজার টাকা, চিকিৎসা ভাতা ২৪ হাজার টাকা, দুটি উৎসব বোনাস ৮০ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ১০ হাজার টাকা রয়েছে।
তবে চাকরি থেকে পাওয়া পুরো অর্থ করযোগ্য হিসেবে বিবেচিত হবে না। নির্দেশিকার নিয়মে মোট আয়ের এক-তৃতীয়াংশ অর্থাৎ ২ লাখ ৬০ হাজার টাকা অথবা ৫ লাখ টাকা—এ দুই অঙ্কের মধ্যে যেটি কম, তা বাদ দেওয়ার পর তাঁর চাকরিজনিত করযোগ্য আয় দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার টাকা।
নির্দেশিকায় বলা হয়েছে, চাকরি থেকে পাওয়া আয়ের পাশাপাশি অন্যান্য উৎসের আয়ও যুক্ত করে করদাতার সামগ্রিক করের হিসাব নির্ধারণ করা হবে।
