গাজীপুরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার দুপুরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে। এ ঘটনায় ওই এলাকার সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
![]() |
| সংগৃহীত ছবি |
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ীর জরুন এলাকায় আসেন। এ সময় তারা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। তখন কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্ট্যান্ডার্ড গ্রুপের একটি কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ধাওয়া করেন। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, রোববার সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে বেলা ৩টার দিকে একই দাবিতে মণ্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে যাওয়ার সময় আশপাশের ছয় থেকে সাতটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন।
তিনি বলেন, পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দেন। এ পরিস্থিতিতে সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে।
