ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলার অভিযোগ উঠেছে বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি।
![]() |
| সংগৃহীত ছবি |
শনিবার (৭ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিষেক জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিজেপির সমর্থকেরা তার বাড়িতে সশস্ত্র হামলা চালান। এ সময় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, হামলার সময় পুলিশ নীরব দর্শকের মতো ছিল।
অভিষেকের দাবি, গত ছয় মাসে তাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে সাতবার হামলার ঘটনা ঘটেছে। এক্সে প্রকাশ করা একটি বার্তা ও ভিডিওতে তিনি নিজের বাড়ি এবং কার্যালয়ের আশপাশে দীর্ঘদিন ধরে নজরদারির চিত্র তুলে ধরেন। তার ভাষ্য, এই নজরদারির পরই সর্বশেষ হামলার ঘটনা ঘটে।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিষেক প্রশ্ন তোলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি নিজের রাজ্যেই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার পরিস্থিতি কী? এ ঘটনায় কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, বিচার বিভাগ বিষয়টি নিয়ে কার্যকর ভূমিকা নিচ্ছে না।
এর আগে অভিষেক জানিয়েছিলেন, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে তার বাড়ি ও কার্যালয়ের আশপাশে নজরদারি চালাচ্ছেন। কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে এমন করা হচ্ছে, তা খতিয়ে দেখতে লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপির পশ্চিমবঙ্গ শাখা। দলটির নেতা ও রাজ্যের সাবেক সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজনৈতিকভাবে কোনো ইস্যু না পেয়ে অভিষেক সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বর্তমান পরিস্থিতিতে কে বা কারা তার প্রাণনাশ করতে চাইবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দিলীপ ঘোষ আরও বলেন, রাস্তায় তৃণমূল নেতার জন্মদিন পালনসহ বিভিন্ন ঘটনায় অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা তৈরি হলে তার প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
বিজেপির দাবি, নিজেদের ব্যর্থতা ও দলীয় অভ্যন্তরীণ সমস্যা থেকে মানুষের মনোযোগ সরাতেই তৃণমূল নেতারা এ ধরনের অভিযোগ করছেন। অন্যদিকে, অভিষেক তার বাড়িতে হামলা ও নজরদারির অভিযোগে অনড় রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে।
