রাজস্থলী সদর হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযানে মিলেছে প্রাথমিক সত্যতা

রাঙামাটির রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল।

সংগৃহীত ছবি

দুদক সূত্রে জানা গেছে, রোগীদের পক্ষ থেকে জমা দেওয়া একাধিক অভিযোগ এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালানো হয়। এ সময় কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র যাচাই করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।

অভিযানে সরকারি ওষুধ কেনা ও বিতরণসহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুদকের অভিযানের বিষয়ে বক্তব্য জানতে রাঙামাটির জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটি জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং রোগীদের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজস্থলী সদর হাসপাতালে অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে কয়েকটি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয় আরও যাচাই করে বিস্তারিত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال