ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, ট্যুরিস্টের বদলে ‘ভিজিটর ভিসা’

বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ ও সংক্ষিপ্ত করতে ভিসার বিভিন্ন ক্যাটাগরিতে বড় ধরনের পরিবর্তন আনছে ভারত সরকার। নতুন নিয়মে ভিসার মূল ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন ব্যবস্থাটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

সংগৃহীত


ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৭ আগস্ট ভিসার ক্যাটাগরি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় মূল ক্যাটাগরি ২২টি থেকে ১৩টিতে এবং উপক্যাটাগরি ৬৩টি থেকে ৪৯টিতে নামিয়ে আনা হয়েছিল।

নতুন ব্যবস্থায় একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি শ্রেণির আওতায় আনা হয়েছে। এতে আবেদনকারীদের জন্য প্রয়োজন অনুযায়ী সঠিক ভিসা বেছে নেওয়া সহজ হবে বলে মনে করছে ভারত সরকার।

ট্যুরিস্ট ভিসার নতুন নাম ভিজিটর ভিসা

নতুন নিয়মে প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ রাখা হচ্ছে। আগে এই ভিসা মূলত পর্যটনের কাজে ব্যবহৃত হলেও নতুন ব্যবস্থায় ভ্রমণের আরও কিছু উদ্দেশ্য যুক্ত করা হয়েছে।

ভিজিটর ভিসা V-1 ও V-2—এই দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভ্রমণের উদ্দেশ্য ও মেয়াদ বিবেচনা করে আবেদনকারীরা উপযুক্ত শ্রেণিতে আবেদন করতে পারবেন।

মেডিকেল ভিসায় পৃথক ব্যবস্থা

চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বিদেশিদের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসা এবং আয়ুর্বেদসহ আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য আলাদা ভিসা নির্ধারণ করা হয়েছে।

M-1 ভিসার মাধ্যমে আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য দেওয়া হবে M-3 ভিসা।

দুই ধরনের মেডিকেল ভিসাই সাধারণত এক বছরের জন্য দেওয়া হবে। এসব ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। একই সুবিধা ই-ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য দুটি ক্যাটাগরি

স্টুডেন্ট ভিসার উপক্যাটাগরি কমিয়ে দুটি করা হয়েছে। S-1 ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যদিকে, S-2 ভিসা নির্ধারণ করা হয়েছে পিএইচডি ও গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। এ ছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং শিক্ষক, গবেষণার কাজে আসা বিদেশি শিক্ষার্থী এবং বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক গবেষণা দলের সদস্যরাও এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচিও এর আওতাভুক্ত থাকবে।

ব্যবসায়িক ভিসায় থাকছে B-1 ও B-2

ভারতের ব্যবসায়িক ভিসাকে B-1 এবং B-2—এই দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। B-1 ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশিরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অন্যদিকে, স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে B-2 ভিসা। উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কাজ, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্র-সম্পর্কিত কার্যক্রম এই শ্রেণির অন্তর্ভুক্ত।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা

বর্তমানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ ব্যবস্থার মাধ্যমে ভারতের ই-ভিসা দেওয়া হয়। এ সুবিধা চালু রয়েছে ১৭২টি দেশের নাগরিকদের জন্য। নতুন ভিসা নীতি কার্যকরের প্রস্তুতির অংশ হিসেবে ই-ভিসা ব্যবস্থাতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

ভারত সরকারের প্রত্যাশা, নতুন এই কাঠামোর ফলে বিদেশি নাগরিকদের ভিসা আবেদন আরও সহজ হবে। পাশাপাশি ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচন করাও আগের তুলনায় সুবিধাজনক হবে।

সূত্র: দ্য স্টেটসম্যান ও পিআইবি

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال