গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাঁদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংস পরিস্থিতির মধ্যে প্রশাসনের শীর্ষ দুই পদে এই পরিবর্তন আনা হলো। রোববার দুপুরে শহরের বিভিন্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল ও মহড়া দেখা যায়। এ সময় মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে। কারও কারও মাথায় হেলমেটও ছিল।
এদিকে প্রশাসনের আরও কিছু পদে রদবদল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে।
সংগৃহীত
