সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
![]() |
| সংগৃহীত |
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একটি মসজিদের ভেতরে ‘অশোভন কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আদালতে দোষ প্রমাণিত হয়েছিল। তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের জন্য তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। কী অভিযোগে তাঁদের সাজা দেওয়া হয়েছে এবং বিচারপ্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়সহ পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে সরকার। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই বাংলাদেশিকে ‘তাজির’ আইনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইসলামী আইনে বিচারকের বিবেচনার ভিত্তিতে নির্ধারিত শাস্তিকে তাজির বলা হয়। অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের এ সাজা দেওয়া হয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অনুরোধে সৌদি আরব বাংলাদেশকে বন্দিদের একটি তালিকা দিয়েছিল। ওই তালিকায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম থাকলেও তাঁদের মৃত্যুদণ্ডের বিষয়টি উল্লেখ করা হয়নি।
সৌদি আরবে বর্তমানে তিন মিলিয়নের বেশি বাংলাদেশি বসবাস ও কর্মরত রয়েছেন। তাঁদের অধিকাংশই স্বল্প বেতনের বিভিন্ন পেশায় নিয়োজিত। এ ঘটনায় বাংলাদেশে উদ্বেগ তৈরি হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চলতি বছর সৌদি আরবে প্রায় ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই মাদকসংক্রান্ত অপরাধে দণ্ডিত বিদেশি নাগরিক।
এর আগে ২০১১ সালে এক মিসরীয় নাগরিককে হত্যার দায়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে আট বাংলাদেশির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
সংগৃহীত
