নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন তিনি।

সংরক্ষিত ছবি

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে আবেদনটি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর দেশের কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠানের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তাই নতুন করে এসব নথি দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সনদে নাগরিকত্বসংক্রান্ত অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।

তবে এর আগে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার পরিকল্পনা নেই। ভারত ও বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বন্দী বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে ভারতের সহযোগিতা পাওয়ার আশা করছে বাংলাদেশ সরকার।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।

সংরক্ষিত পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال