শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

টানা কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সংরক্ষিত ছবি

সোমবার (৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাতেও বিজিবি মোতায়েন রয়েছে।

এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল কাজ করছে। প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।

সংরক্ষিত পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال