সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নতুন ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও বয়কটের ডাক দেওয়ায় পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি।
![]() |
| সংরক্ষিত |
সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি বলেন, কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তাঁর অভিযোগ, ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাঁকে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।
ভিডিও বক্তব্যে পরীমনি দাবি করেন, তাঁর কাছ থেকে ক্ষমা আদায়ের জন্য একধরনের চাপ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, নিজের কোনো বক্তব্য বা আচরণের জন্য ক্ষমা চাইতে হলে সেটি স্বাভাবিকভাবে হওয়া উচিত। ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে কাউকে ক্ষমা চাওয়ানো যায় না।
নিজের বিরুদ্ধে চলমান আন্দোলন ও বয়কটের আহ্বান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর অভিযোগ, তাঁকে অপদস্থ করার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের কাছেও কাজ বন্ধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। ভিডিওর শেষ দিকে তিনি প্রশ্ন করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে দিয়ে ক্ষমা চাওয়ানোই কি তাঁদের উদ্দেশ্য?
এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তাঁর দাবি, অনুষ্ঠানে এক ব্যক্তির আক্রমণাত্মক আচরণের পর তাঁর গাড়িতে হামলা চালানো হয় এবং অনুষ্ঠানস্থলের একটি স্টলও ভাঙচুর করা হয়। নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি গুলশান থানায় ফোন করেন।
তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর জানান, অনুষ্ঠানে একটি সমস্যা হয়েছিল এবং পরে পরীমনি সেখান থেকে চলে যান। গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
এর আগে ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। ওই দিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। অন্যদিকে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছিলেন।
রবিউল হোসাইন এ অভিযোগ অস্বীকার করে পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
সংরক্ষিত পোস্ট
