সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিশেষ করে তাঁর স্বামী আসাদ নূরের ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। এবার এসব প্রতিক্রিয়ার জবাবে দীর্ঘ বক্তব্য দিয়েছেন পারশা। সেখানে নিজের বিয়ের সিদ্ধান্ত, ব্যক্তিগত বিশ্বাস, পরিবার এবং স্বামীর অতীত জীবন নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।
সম্প্রতি ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করলেও শুরুতে স্বামীর পরিচয় আড়ালে রেখেছিলেন পারশা। পরে ১০ নভেম্বর ফেসবুক লাইভে এসে বিয়ের বিষয়টি স্বীকার করেন আসাদ নূর। তিনি জানান, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর আওতায় তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পরিবর্তে আইনি প্রক্রিয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বিয়ের খবর গোপন রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আসাদ জানান, সমাজের প্রচলিত ধারণা ও ট্যাবু নিয়ে মানুষের প্রতিক্রিয়া বোঝার জন্যই বিষয়টি নিয়ে কিছুটা রহস্য তৈরি করা হয়েছিল।
এরপর স্বামীর ধর্মীয় বিশ্বাস ও বিয়ের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান তুলে ধরেন পারশা। তিনি প্রশ্ন করেন, কেউ নাস্তিক হলে তাঁর বিয়ে করার প্রয়োজন নেই—এমন ধারণার ভিত্তি কী? তাঁর মতে, বিয়ে শুধু কোনো নির্দিষ্ট ধর্মের বিষয় নয়; পৃথিবীর বিভিন্ন সমাজে ধর্মীয় বিধানের বাইরেও বিবাহের সামাজিক ও আইনি স্বীকৃতি রয়েছে।
জীবনসঙ্গী হিসেবে আসাদের প্রশংসা করে পারশা জানান, তিনি এমন একজন মানুষ চেয়েছিলেন, যিনি তাঁকে ভালোবাসার পাশাপাশি তাঁর কাজ, অনুভূতি ও ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করবেন। আসাদের যত্নশীলতা, সাহস, আন্তরিকতা এবং দায়িত্ববোধ তাঁকে মুগ্ধ করেছে। বিশেষ করে পোষা প্রাণীদের প্রতি আসাদের আচরণও তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
সমালোচকদের উদ্দেশে পারশা বলেন, আসাদের সব বক্তব্যের সঙ্গে সবার একমত হওয়ার প্রয়োজন নেই। এমনকি তাঁর নিজেরও স্বামীর প্রতিটি মতামতের সঙ্গে একমত হওয়া বাধ্যতামূলক নয়। তবে একজন মানুষকে কেবল নাস্তিক বা ধর্মহীন পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষ হিসেবে বিবেচনা করা উচিত।
নিজের পরিবারের অবস্থান প্রসঙ্গে পারশা জানান, প্রথম দিকে তাঁর বাবা-মা এই বিয়েতে সম্মতি দেননি। তাঁরা নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করেছেন। তাঁর পরিবারের সদস্যদের মধ্যে ধর্মীয় অনুশীলনের ভিন্নতা থাকলেও কেউ তাঁর গান, অভিনয় কিংবা জীবনযাপন নিয়ে বাধা দেননি বলে উল্লেখ করেন তিনি।
পারশার ভাষায়, পরিবার তাঁকে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি মানুষ হিসেবে মূল্যবোধ গড়ে তুলতে শিখিয়েছে। অন্যের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতাকে তিনি মনুষ্যত্বের গুরুত্বপূর্ণ ভিত্তি মনে করেন। তাঁর বন্ধুমহলেও বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ রয়েছেন।
ধর্ম পালনকারীদের প্রতি কোনো বিরোধিতা নেই জানিয়ে পারশা ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো, নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি এবং ধর্মীয় পরিচয় ব্যবহার করে কর্তৃত্ব প্রতিষ্ঠার সমালোচনা করেন। তাঁর মতে, নারীর পোশাক, শরীর ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে অপমানজনক মন্তব্য করার অধিকার কারও নেই।
নিজের শিল্পীসত্তা নিয়েও খোলামেলা কথা বলেছেন এই সংগীতশিল্পী। গান, ছবি আঁকা ও অভিনয় তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মের কিছু কঠোর ব্যাখ্যার সঙ্গে এসব কাজের বিরোধ থাকতে পারে বলে স্বীকার করলেও শিল্পচর্চা ছেড়ে দেওয়ার ইচ্ছা তাঁর নেই। একই সঙ্গে সততা, সহমর্মিতা, দানশীলতা ও মানুষের উপকার করার মতো মূল্যবোধকে তিনি গুরুত্ব দেন।
নিজের জীবনযাপন সম্পর্কে পারশা জানান, তিনি ধূমপান বা মাদক গ্রহণ করেন না এবং কারও ক্ষতি না করার চেষ্টা করেন। নিজের বিশ্বাস ও জীবনযাপন নিয়ে প্রকাশ্যে এক রকম এবং আড়ালে অন্য রকম আচরণ করতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
স্বামী আসাদ নূরের শৈশব ও বেড়ে ওঠার পরিবেশ নিয়েও বিস্তারিত লিখেছেন পারশা। তাঁর বর্ণনা অনুযায়ী, আসাদের পরিবার ছিল ধর্মপ্রাণ। দাদার ইচ্ছা পূরণ করতে তাঁর বাবা তাঁকে মাদরাসায় ভর্তি করিয়েছিলেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন আসাদ। ছোটবেলায় মক্তবে আজান দেওয়া এবং ধর্মীয় অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশনও করতেন তিনি।
পারশার দাবি, মাদরাসায় পড়ার সময় আসাদ শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। বিষয়টি জানার পর তাঁর বাবা তাঁকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দেন। এরপরও আসাদ বেশ কিছুদিন ধর্মীয় অনুশাসন মেনে চলেছেন।
পারশার বক্তব্য অনুযায়ী, কৈশোরে একটি প্রেমের সম্পর্ককে ঘিরে ধর্মীয় বিধিনিষেধ ও পারিবারিক পরিস্থিতির কারণে আসাদের জীবনে জটিলতা তৈরি হয়। ওই অভিজ্ঞতার পর ধর্মীয় বিশ্বাস নিয়ে তাঁর মনে প্রশ্ন জাগে। পরবর্তী সময়ে দীর্ঘদিন পড়াশোনা, অনুসন্ধান ও নিজস্ব বিচার-বিশ্লেষণের মধ্য দিয়ে তিনি ধর্মবিশ্বাস থেকে সরে আসেন বলে জানান পারশা।
আসাদের জীবনের কঠিন সময়ের প্রসঙ্গ তুলে ধরে পারশা আরও দাবি করেন, মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের সময়কার পরিস্থিতিতে আসাদও নানা ঘটনার মুখোমুখি হন। মাদরাসায় শিশু নির্যাতনের প্রতিবাদ করে লেখালেখির কারণে তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয় এবং তাঁকে দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়েছিল বলে পারশার বক্তব্য। এসব ঘটনার পর পরিবারের সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হয়। প্রায় এক দশক ধরে মায়ের সঙ্গে দেখা হয়নি বলেও জানান তিনি।
পারশার মতে, অতীতের অভিজ্ঞতা আসাদের ব্যক্তিত্বে প্রভাব ফেলেছে। তবে বর্তমানে তিনি নিজেকে পরিবর্তন করছেন, নতুনভাবে জীবনকে বুঝতে চেষ্টা করছেন এবং নিজের ভুলত্রুটি নিয়েও ভাবছেন। তাই অতীতের পরিচয় দিয়ে তাঁকে বিচার না করে নতুনভাবে জীবন গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পারশা।
আসাদের বাংলাদেশ ও বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসার কথাও উল্লেখ করেছেন তিনি। পারশার দাবি, কানাডায় থাকলেও আসাদের দেশীয় খাবার, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর টান রয়েছে। ধর্মীয় বিশ্বাস আলাদা হলেও দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা আলাদা হওয়ার কথা নয় বলে মনে করেন তিনি।
নিজের শেকড় ও সাংস্কৃতিক পরিচয় প্রসঙ্গে পারশা বলেন, বাংলাদেশ, এ দেশের মানুষ, প্রকৃতি, ভাষা, গান ও সংস্কৃতি তাঁর অস্তিত্বের অংশ। কোনো ধর্মীয় পরিচয় বা অন্য কারও অনুমতির ওপর দেশের সঙ্গে তাঁর সম্পর্ক নির্ভর করে না। ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বাংলা ভাষা ও আত্মপরিচয়ের মর্যাদা রক্ষার কথাও তুলে ধরেন।
বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্কের মধ্যে পারশার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি স্বামীর অতীত, বিশ্বাস এবং তাঁদের সম্পর্কের নানা দিকও প্রকাশ্যে তুলে ধরেছেন তিনি।
সংগৃহীত
