পোশাকশ্রমিকদের নতুন মজুরি প্রস্তাব দিতে মালিকপক্ষকে চারদিন সময়

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষকে প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কার্যদিবস সময় দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ১৫ নভেম্বর রোববারের মধ্যে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দিতে হবে।

সংরক্ষিত 

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বিষয়টি জানান।

সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করলেও মালিকপক্ষ তা জমা দিতে পারেনি। মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড আলোচনার মাধ্যমে চার কার্যদিবস সময় মঞ্জুর করে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব জমা না দিলে আর অপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।

মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন জানান, পোশাকশিল্পের বিভিন্ন এলাকায় চলমান অস্থিরতার কারণে কারখানা পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহে বিলম্ব হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁরা প্রস্তাব জমা দেবেন।

এদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছেন। এতে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব রয়েছে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ এই মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর আগে ১ নভেম্বর সরকার পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

সংরক্ষিত পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال