ইউরোপীয় নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগে স্পেন দলে দেখা দিয়েছে জোড়া দুশ্চিন্তা। চোট ও অসুস্থতার কারণে আসন্ন ম্যাচে খেলতে পারছেন না দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল।
![]() |
| সংগৃহীত |
আগামী বৃহস্পতিবার প্রাগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। তবে ম্যাচের প্রস্তুতি শুরুর সময়ই দুই খেলোয়াড়ের অনুপস্থিতি কোচ লুইস দে লা ফুয়েন্তেকে ভাবিয়ে তুলেছে।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার জয়ের পর হাঁটুতে অস্বস্তি অনুভব করেন ইয়ামাল। ঝুঁকি এড়াতে কোচিং স্টাফ ও চিকিৎসকদের পরামর্শে তাকে বার্সেলোনাতেই রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা নেই।
অন্যদিকে ঠান্ডাজনিত অসুস্থতার কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি ওয়ারজাবাল। সুস্থ হওয়ার জন্য তিনি মাদ্রিদে অবস্থান করবেন এবং লা রোজাসের ফুটবল সিটিতে অনুশীলন চালিয়ে যাবেন।
তবে স্পেন শিবিরে আশার খবরও রয়েছে। আগামী রোববার (১৫ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইয়ামাল ও ওয়ারজাবাল দুজনই দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
নেশনস লিগের ‘এ৩’ গ্রুপে বর্তমানে দুর্দান্ত অবস্থানে রয়েছে স্পেন। চার ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি।
সংগৃহীত
