রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনের ভেতরে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান যাত্রীরা
![]() |
| সংরক্ষিত ছবি |
নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ফার্মগেট মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্টেশনের ডিজেল জেনারেটরের পাশে বাসটিতে আগুন দেওয়া হয়েছিল। ধোঁয়া স্টেশনের ভেতরে প্রবেশ করায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। জেনারেটরে বিপুল পরিমাণ ডিজেল মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ কারণে দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটির চালক ও কোনো যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে একই দিন সন্ধ্যায় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সিএমএম আদালতের সামনের সড়কে সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিস্ফোরণের পর দুজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অন্যদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর দুজনকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
রাজধানীর পৃথক এসব ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সংরক্ষিত পোস্ট
