গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস-এর একটি কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে ভবনের নিচতলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
ছবি :- সংগৃহীত 
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টা ২২ মিনিটের দিকে কারখানার ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত মালামাল রাখার স্টোররুমে (গুদামে) প্রথম আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার পরপরই কালিয়াকৈর ও পার্শ্ববর্তী কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা হয় এবং বিকেল ৪টা ৩৪ মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে।

পরিস্থিতি জটিল আকার ধারণ করায় এবং ভবনের ভেতরে মালামাল থাকার কারণে আগুন যাতে উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত আরও দুই ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে দীর্ঘ সময় ও ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে কারখানার নিচতলার স্টোর থেকেই অগ্নিকাণ্ডের ঘটনার সূচনা হয়েছিল। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত ঘটেছে কিংবা এতে তাৎক্ষণিকভাবে কী পরিমাণ আর্থিক বা মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কারখানার অন্যান্য কর্মী ও স্থানীয় উৎসুক জনতা ভবনের সামনে ভিড় জমান। এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির হিসাব জানা যাবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال